জুলাই সনদ, গণভোটসহ বিভিন্ন দাবি আদায়ে সরকারকে চাপ দিতে রাজপথে নামার প্রস্তুতির কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, কেবল সংসদ নয়, জনগণের দাবি বাস্তবায়নে রাজপথেও আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে। তার ভাষায়, গণআন্দোলনের মাধ্যমেই সরকারকে জুলাই সনদ, গণভোট এবং শ্রমিক অধিকারসংক্রান্ত দাবি বাস্তবায়নে বাধ্য করা হবে।
তিনি অভিযোগ করেন, জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করেনি, বরং তা ভঙ্গ করা হয়েছে। এ ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের রাজনৈতিক পরিণতি ভালো হয় না বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ত্যাগের মাধ্যমে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশা ছিল। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও অর্থনীতি গড়তে হলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। এ সময় শ্রমিক, ছাত্র ও সাধারণ জনগণকে একসঙ্গে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও সমঝোতা জরুরি ছিল, কিন্তু সরকার সেই সুযোগ নষ্ট করেছে।