প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাজার নিয়ন্ত্রণে নতুন বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণে নতুন বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আরও সক্রিয়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, টিসিবির মাধ্যমে অধিক পরিমাণে পণ্য আমদানি করে বাজারে একটি কার্যকর ভারসাম্য তৈরি করা হবে, যাতে কোনো ধরনের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতে না পারে।

শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড় পয়েন্টে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় ‘কৃষকের হাট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাকে স্বচ্ছ ও নিয়ন্ত্রণযোগ্য করতে সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। সরবরাহ ব্যবস্থাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনার পাশাপাশি কৃষক ও ভোক্তার সরাসরি সংযোগ স্থাপনে ‘কৃষকের হাট’ চালু করা হয়েছে।

তিনি আরও জানান, আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত পুরো সাপ্লাই চেইনকে একটি সমন্বিত ডিজিটাল মডেলে আনার পরিকল্পনা রয়েছে, যাতে বাজার তদারকি সহজ হয় এবং কারসাজি দ্রুত শনাক্ত করা যায়। একই সঙ্গে ভর্তুকি ব্যবস্থাকে আরও কার্যকর ও বিস্তৃত করার কথাও জানান তিনি।

কৃষি খাতের উন্নয়নে সেচ ব্যবস্থা সম্প্রসারণ ও খাল পুনঃখননের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে এবং ভবিষ্যতে বাজার আরও স্থিতিশীল থাকবে।

তিনি জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে বাঁশিয়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চালু হওয়া ‘কৃষকের হাট’ কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করবে। এখানে প্রান্তিক কৃষকরা মধ্যস্বত্বভোগী ছাড়াই নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে পারবেন।

বর্তমানে কৃষিপণ্য একাধিক ধাপে হাতবদল হওয়ার কারণে দাম বেড়ে যায় এবং কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। নতুন এই হাট ব্যবস্থা সেই মধ্যবর্তী ধাপ কমিয়ে কৃষক ও ভোক্তা উভয়ের জন্য সুবিধা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা