প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা আজ বিকেলেই শুরু হওয়ার সম্ভাবনা

ইসলামাবাদে সোমবার ফের বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত কূটনৈতিক আলোচনা শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে। আজ বিকেলের দিকে বৈঠক শুরু হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানায়, আলোচনার সময়সূচি নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। আগে বিভিন্ন মাধ্যমে বলা হয়েছিল স্থানীয় সময় সকাল ৮টায় বৈঠক শুরু হবে, তবে বাস্তবে তা পিছিয়ে বিকেলে শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়, মূল আলোচনায় বসার আগে উভয় দেশের প্রতিনিধিদল পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারে। এরপরই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে কিছু গণমাধ্যমে সকালবেলার বৈঠক শুরুর তথ্য প্রচার করা হলেও তা সঠিক নয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর করতে সহায়তা করে, যার ফলে ৮ এপ্রিল থেকে আলোচনার পরিবেশ তৈরি হয়।

এছাড়া ইরান পক্ষ থেকে একটি দশ দফা প্রস্তাব উত্থাপনের কথাও বলা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সংক্রান্ত দাবি অন্তর্ভুক্ত রয়েছে। তবে দুই দেশের মধ্যেই এখনো গভীর আস্থার ঘাটতি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা