প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬

বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। শনিবার (১১ এপ্রিল) সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, যা ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদে ইতোমধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পাকিস্তান সরকার। গুরুত্বপূর্ণ সরকারি ও কূটনৈতিক এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, একটি মার্কিন সরকারি বিমান ইতোমধ্যে ইসলামাবাদে অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে, এই বিমানে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আলোচনায় অংশ নিতে এসেছে।

সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শিগগিরই আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আলোচনার মূল লক্ষ্য ছয় সপ্তাহ ধরে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটানো, যা মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রাণহানি ও অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।

এদিকে ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকাকে পুরোপুরি নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। ওই এলাকায় সব ধরনের যান চলাচল ও সাধারণ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগে যেখানে সাংবাদিকদের সীমিত প্রবেশাধিকার ছিল, বর্তমানে তা আরও কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে।

পাকিস্তান সরকার আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টার নির্ধারণ করেছে, সেখান থেকেই সাংবাদিকরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা