চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্স-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে কমপ্লেক্সটির নিচতলায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
খবর পাওয়ার পরপরই আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, মার্কেটের ভেতরের কাঠামো ও সংকীর্ণ জায়গার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
ঘটনার পরপরই মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানিরা দ্রুত মালামাল সরিয়ে নেন এবং ধোঁয়ার কারণে অনেকেই বাইরে অবস্থান নেন। নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকাও খালি করা হয়।
ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।