প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুদ্ধবিরতি আলোচনায় ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

যুদ্ধবিরতি আলোচনায় ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনার লক্ষ্যে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ পৌঁছেছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে তাদের আগমনের তথ্য নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

প্রতিনিধিদলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি।

ইসলামাবাদে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

অন্যদিকে, আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-ও পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিশেষ দূত স্টিভ উইটকফ, জারেড কুশনার এবং সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। পরে উত্তেজনা প্রশমনে দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে পাকিস্তান।

এর ধারাবাহিকতায় শনিবার সকালে ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা