ত্রয়োদশ জাতীয় সংসদে একাধিক ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে ওয়াকআউট করার পর জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
বিরোধীদলের পক্ষ থেকে জানানো হয়, সংসদে পাস হওয়া বিলগুলোর প্রতিবাদ এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে একই অভিযোগ তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল।
ওয়াকআউটের আগে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধীদলের আপত্তি উপেক্ষা করে যে বিলগুলো পাস করা হয়েছে, তার দায় তারা নিতে চান না।