ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর ধারাবাহিকতায় মোট ২৩টি বিল পাস হয়েছে। এর মধ্যে ২১টি বিল পূর্বের অধ্যাদেশ অপরিবর্তিত রেখে অনুমোদন দেওয়া হয় এবং দুটি অধ্যাদেশ বাতিল করে নতুন বিল পাস করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ১২তম কার্যদিবসে এসব বিল অনুমোদিত হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিলগুলো সংসদে উপস্থাপন করেন।
এছাড়া আলোচিত ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ বাতিল করে ২০০৯ সালের আইন পুনর্বহালের লক্ষ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে।
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে ক্রীড়া, জ্বালানি, শ্রম, স্থানীয় সরকার, টেলিযোগাযোগ, অভিবাসন, বন ও পরিবেশসহ বিভিন্ন খাত সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ আইন সংশোধন ও নতুন প্রস্তাবনা।
এছাড়া ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করে পৃথক দুটি বিলও সংসদে অনুমোদন দেওয়া হয়।
সংসদে পাস হওয়া এসব বিল দেশের প্রশাসনিক, বিচারিক ও উন্নয়নমূলক বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।