জাতীয় মানবাধিকার কমিশনকে কেন্দ্র করে সংসদে তীব্র সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, এই কমিশন অতীতে বিরোধী দল দমনের একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ উত্থাপনের পর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ এবং বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন কার্যকর হওয়ার পর গত বছরগুলোতে এর প্রয়োগে কাঙ্ক্ষিত সুফল আসেনি। বরং তার মতে, এটি রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়ে বিরোধী দল ও মত দমনের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।
তিনি দাবি করেন, এই কমিশনের মাধ্যমে বিএনপিকে দমন করার একটি ‘বৈধতা’ তৈরি করা হয়েছে। একইসঙ্গে কমিশন গঠনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, নির্বাচনী কমিটিতে সরকারপক্ষের প্রভাব বেশি থাকায় এর নিরপেক্ষতা নিয়ে সংশয় রয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের তদন্তে সরকারি অনুমতির বিধান নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষায়, যেখানে সরকারি সংস্থার সংশ্লিষ্টতা থাকতে পারে, সেখানে তাদের অনুমতি নিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।
এদিকে, ২০২৫ সালের অধ্যাদেশ বাতিল করে পুরোনো আইনে ফিরে যাওয়াকে তিনি ‘পেছনের দিকে অগ্রসর হওয়া’ বলে উল্লেখ করেন। বিলটি উত্থাপনের পর বিরোধী দলের পক্ষ থেকে সংসদে জোরালো আপত্তি জানানো হয়।