নরসিংদীর মনোহরদী উপজেলার সীমান্তবর্তী কয়েকটি এলাকায় গভীর রাতে বসানো পানের বাজারে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ক্রেতা ও বিক্রেতারা প্রায়শই ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছেন, ফলে আতঙ্কে বসবাস ও ব্যবসা করতে হচ্ছে।
স্থানীয় খিদিরপুর, রামপুর, সাগরদী, ড্রেনের ঘাট, শরিফপুর ও শিমুলতলী এলাকায় ব্যাপকভাবে পান চাষ হয়। অন্যান্য কৃষির তুলনায় পানের চাষ বেশি লাভজনক হওয়ায় এসব এলাকায় অসংখ্য পানের বরজ গড়ে উঠেছে। সপ্তাহজুড়ে বিভিন্ন স্থানে নিয়মিত পানের বাজার বসে।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনাকালের বিধিনিষেধের কারণে পূর্বে সকালবেলায় বসানো হতো বাজার, কিন্তু সেই নিয়ম অমান্য করে গভীর রাতের বাজার শুরু হয় এবং বর্তমানে তা স্থায়ী রূপ নিয়েছে। বাজার সাধারণত রাত ২টার পর শুরু হয়ে ফজরের আগেই শেষ হয়।
বাজারে ব্যবসায়ীরা জানান, গভীর রাতে যাতায়াতের সময় প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। অনেক ক্ষেত্রে তাদের মূলধন ছিনিয়ে নেওয়া হয়। ফলে দ্রুত লেনদেন শেষ করে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন তারা। এছাড়া সাধারণ ব্যবসায়ীরা বলছেন, রাতের বাজারের কারণে বিক্রি কমে যায়, কারণ লোকজন ঘুমোতে থাকায় তাদের দোকান খোলা থাকে না।
একাধিক ব্যবসায়ী বলেন, “আগে সকালে বাজার বসলে ক্রেতাদের ভিড় থাকত, ব্যবসাও ভালো চলত। এখন ভোর হওয়ার আগেই সবাই চলে যায়, এক টাকার জিনিসও বিক্রি হয় না।”
তাদের মতে, বাজার পরিচালনা কমিটি ও প্রশাসনের উদ্যোগে ভোর ৫টা বা ৬টা থেকে বাজার শুরু করলে নিরাপত্তা নিশ্চিত হবে এবং সব ধরনের ব্যবসায়ীরাই উপকৃত হবেন।
স্থানীয় ব্যবসায়ী ও জনগণ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।