রাজধানীর আদাবর থানার অস্ত্র আইনের মামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর র্যাব-২ রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায়। ফয়সাল করিম পালানোর চেষ্টা করার সময় আটক হন। পরে তার বাসা তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরদিন র্যাবের হাবিলদার মশিউর রহমান অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তদন্ত শেষে আদাবর থানার এসআই জাহিদ হাসান ২০২৪ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
ফয়সাল করিম গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে থাকলেও, শরীফ ওসমান হাদি হত্যা ঘটনার পর আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তিনি ভারতে গ্রেপ্তার হন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ফয়সাল করিমকে প্রধান আসামি করা হয়।