ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বড় ধরনের ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানগুলো ধ্বংস করা হচ্ছে।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নিয়েছেন। অনেক দোকানি আগেভাগে তাদের মালামাল সরিয়ে নিয়েছেন, তবে বাকি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, এই উচ্ছেদ অভিযান চলতি বছরের ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হচ্ছে। মূল উদ্দেশ্য হলো যানজট কমানো এবং পথচারীদের চলাচল সহজ করা।
এর আগে, বুধবার (৮ এপ্রিল) সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত বিস্তৃত এলাকায় মোট ২৪০টি অবৈধ বাস কাউন্টার অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে ফুটপাত ও সড়ক দখল না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
সায়েদাবাদ ও বায়তুল মোকাররম ছাড়াও মগবাজার মোড় থেকে কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, আব্দুল গনি রোড হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তন এলাকা এবং বাংলামোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শিক্ষা ভবন এলাকা পর্যন্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
ডিএসসিসি কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থ ও নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা ও কাউন্টারগুলো সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।