যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি বিমান হামলা চালানো অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে ধাপে ধাপে হামলার খবর পাওয়া গেছে।
আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে হারুফ শহরে বিমান হামলা চালানো হয়। এর পর একই অঞ্চলের আল-দুওয়াইর (খেরবেত এল-দুওয়াইর) এবং হাব্বুশ শহরেও নতুন করে হামলা চালানো হয়।
এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লেবাননে ইসরায়েলি বাহিনী ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলা চালায়। বুধবার (৮ এপ্রিল) বৈরুতসহ জনবহুল বাণিজ্যিক ও আবাসিক এলাকায় ২৫৪ জন নিহত এবং ১,১৬৫ জনেরও বেশি আহত হন।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দেশজুড়ে ১০০টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে।
লেবাননের রেড ক্রস জানিয়েছে, ১০০টি অ্যাম্বুলেন্স ধারাবাহিকভাবে হতাহতদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবিকতার তোয়াক্কা না করে নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।
ইসরাইল কাটজ এই অভিযানকে হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে চালানো ‘সবচেয়ে বড় এবং সমন্বিত আঘাত’ হিসেবে দাবি করেছেন। তার মতে, ‘অপারেশন বিপার্স’-এর পর এটিই হিজবুল্লাহর ওপর সবচেয়ে বড় আঘাত। যদিও অধিকাংশ লক্ষ্যবস্তু ঘনবসতিপূর্ণ এলাকার কেন্দ্রবিন্দুতে অবস্থিত।