বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ন আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাফিয়া সুলতানা রাফি ২০১৯ সালে ঢাবির রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং পরবর্তীতে এনসিপির রাজনীতিতে যুক্ত হন।
বগুড়া জেলা এনসিপি বৃহস্পতিবার তার মৃত্যু নিশ্চিত করে শোকবার্তা দিয়েছে। শোক প্রকাশ করেছেন জেলায় আহ্বায়ক এমএসএ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ।
রাফিয়ার বয়স ছিল ৩২ বছর। তিনি দুই সন্তানসহ সংসার করেছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর রাত ১০টার সময় ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে আইসিইউতে স্থানান্তরের পর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের তথ্যমতে, বৃহস্পতিবার বাদ আসর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাফিয়া ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ডাকসু নির্বাচন ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সক্রিয় ছিলেন। তিনি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।