ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলার রায় ঘোষণা করা হবে।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) দুপুরে এ রায় ঘোষণা করবেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে র্যাব-২ অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করার সময় ফয়সাল করিমকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পরের দিন আদাবর থানায় র্যাব হাবিলদার মশিউর রহমান অস্ত্র আইনের মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকায় পরিচিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
তদন্ত শেষে আদাবর থানার এসআই জাহিদ হাসান ২০২৫ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। বর্তমানে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
ফয়সাল করিম গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে থাকলেও, শরীফ ওসমান হত্যার পর আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তিনি ভারতের একটি স্থান থেকে গ্রেপ্তার হন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমানকে গুলি করা হয়। ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিমকে প্রধান আসামি করা হয়েছে।