প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিজিটাল ডিসপ্লেতে মিলবে এসি ও নন-এসি বাসের ভাড়াঃ সড়ক পরিবহন মন্ত্রী

ডিজিটাল ডিসপ্লেতে মিলবে এসি ও নন-এসি বাসের ভাড়াঃ সড়ক পরিবহন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬

শেখ রবিউল আলম জাতীয় সংসদে জানিয়েছেন, শিগগিরই দেশের এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং এগুলো গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, দেশের মহাসড়কে সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল ও সঠিক ভাড়া নির্ধারণে সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না।

জবাবে মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ২৭ অনুযায়ী প্রতিটি মহানগর এলাকা, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন ও তাদের কর্মপরিধি নির্ধারণের বিধান রয়েছে। এছাড়া, সড়ক পরিবহন বিধিমালা-২০২২ এর বিধি ৬০(ক) অনুযায়ী সংশ্লিষ্ট কমিটি রাস্তার ধারণক্ষমতা বিবেচনা করে রুট পারমিট এবং পরিবহনযানের সংখ্যা নির্ধারণ করে।

মন্ত্রী আরও জানান, ধারা ৩৪(২) অনুযায়ী সরকারি অনুমোদনের মাধ্যমে ভাড়া নির্ধারণ বা পুনঃনির্ধারণ করা হয় এবং এই পুনঃনির্ধারিত ভাড়া তালিকা বিআরটিএ ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরপর সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয় যে, ভাড়ার তালিকা গণপরিবহনের ভেতরে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

এছাড়া, বর্তমানে নন-এসি বাস/মিনিবাসের ভাড়া তালিকা বিদ্যমান। শিগগিরই এসি বাস/মিনিবাসের জন্যও তালিকা তৈরি করা হবে এবং ডিজিটাল ডিসপ্লেতে তা প্রদর্শন নিশ্চিত করা হবে, যা যাত্রীদের জন্য আরও স্বচ্ছতা নিশ্চিত করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা