মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আল জাজিরা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে কথিত যুদ্ধবিরতি ভঙ্গের জবাব হিসেবে উত্তর ইসরায়েলের মানারা এলাকায় রকেট নিক্ষেপ করা হয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।
অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যমের দাবি, লেবানন থেকে ছোড়া অন্তত একটি রকেট প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হন।
রাজধানী বৈরুতসহ বিভিন্ন জনবহুল এলাকায় পূর্ব সতর্কতা ছাড়াই চালানো এই হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। লেবাননের সিভিল ডিফেন্স জানায়, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন ঘটনাটিকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে উল্লেখ করে জানান, দেশজুড়ে শতাধিক বিমান হামলা চালানো হয়েছে।
লেবানন রেড ক্রস জানিয়েছে, বহু অ্যাম্বুলেন্স নিরবচ্ছিন্নভাবে আহতদের হাসপাতালে পৌঁছে দিতে কাজ করছে। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেন, ইসরায়েল পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছেন, এই অভিযান হিজবুল্লাহর কমান্ড কাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছে এবং এটি তাদের বিরুদ্ধে বড় ধরনের সমন্বিত হামলা।
অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় এবং সেখানে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যখন ইরান সতর্ক করেছে যে, চলমান দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি থেকে তারা সরে আসতে পারে। তেহরানের একটি উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছিল, যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত থাকবে। তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলায় সেই সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।