যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) কোনো পূর্ব সতর্কতা ছাড়াই রাজধানী বৈরুতসহ বিভিন্ন জনবহুল বাণিজ্যিক ও আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও এই তথ্য নিশ্চিত করেছে।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন এই ঘটনাকে ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবে উল্লেখ করে জানান, দেশজুড়ে শতাধিক বিমান হামলা চালানো হয়েছে। হামলার পর বৈরুতের আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লেবানন রেড ক্রস জানিয়েছে, বহু অ্যাম্বুলেন্স আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে কাজ করছে।
দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেছেন, ইসরায়েল পরিকল্পিতভাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছেন, এই অভিযান হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে এবং এটি তাদের বিরুদ্ধে অন্যতম বড় সামরিক পদক্ষেপ। ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করছে, যদিও হামলার অধিকাংশ স্থানই ঘনবসতিপূর্ণ এলাকা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আওতায় লেবানন পড়ে না এবং সেখানে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, ইসরায়েলের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ইরান সতর্ক করেছে যে, চলমান সাময়িক যুদ্ধবিরতি চুক্তি থেকে তারা সরে আসতে পারে। তেহরানের একটি উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছিল, এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত থাকবে। তবে সাম্প্রতিক হামলায় সেই সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।
লেবাননে নিযুক্ত জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জিনাইন হেনিস এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সংঘাত বাড়িয়ে কোনো পক্ষই লাভবান হবে না। তিনি দ্রুত সহিংসতা বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে লেবাননে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।