বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা কোনোভাবেই সংঘাতের সমাপ্তি নয়; বরং এটি ভবিষ্যতের আরও বড় পদক্ষেপের প্রস্তুতির অংশ।
চুক্তি ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, ইসরায়েল সামরিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং বর্তমান পরিস্থিতিতে ইরান আগের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে। তার মতে, এই দুর্বলতাই ইসরায়েলের কৌশলগত শক্তিকে আরও দৃঢ় করেছে।
নেতানিয়াহু জানান, ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি করেছে। পাশাপাশি পারমাণবিক স্থাপনা, শিল্পকারখানা, অর্থনৈতিক অবকাঠামো এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে।
তিনি আরও দাবি করেন, এসব অভিযানে ইরানের নৌ ও বিমান সক্ষমতার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপরও উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করা হয়েছে।
তবে এতকিছুর পরও তিনি স্বীকার করেন, ইরানের হুমকি এখনো পুরোপুরি দূর হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থান বজায় রাখার কথা জানান তিনি।