ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার বুধবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। দেশটির জাতীয় তেল কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছে। হামলার ফলে আগুন লাগে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তা ও ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পুরো এলাকা নিরাপদ করেছে।
ইরানের তেল মন্ত্রণালয় সংবাদমাধ্যম শানার বরাতে জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই হামলা চালানো হয়। হামলার দায় এখনও নিশ্চিত হয়নি। যদিও সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় এই ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
ইসরায়েলের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি। তবে হামলার পেছনে প্রকৃত দোষী পক্ষ এখনো চিহ্নিত হয়নি।