প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না ট্রাম্প

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতে ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। তবে সম্ভাব্য চুক্তি সফল হলে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলেছেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ অবস্থান স্পষ্ট করেন। ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আসন্ন বৈঠকের আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিও তুলে ধরেন তিনি।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে আগ্রহী এবং দেশটিতে ইতোমধ্যে একটি ‘কার্যকর সরকার পরিবর্তন’ হয়েছে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় অতীতে চালানো হামলার পর থেকে যুক্তরাষ্ট্র স্যাটেলাইটের মাধ্যমে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে ইরানের মাটির গভীরে সংরক্ষিত পারমাণবিক উপাদান ও বর্জ্য সরিয়ে ফেলতেও যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা রাখবে।

এছাড়া, যুদ্ধ পরিস্থিতি নিরসনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনার বেশ কয়েকটি বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি জানান, চুক্তি বাস্তবায়িত হলে ইরানের ওপর থেকে শুল্ক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে।

তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা