ঈদুল আজহা উপলক্ষে সক্রিয় হয়ে ওঠা জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪। শেরপুর জেলার একটি ভাড়া বাসা থেকে জাল টাকা ও তা তৈরির সরঞ্জামসহ মোঃ মুর্শিদুল হক (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৪ জামালপুর কোম্পানির কমান্ডার মেজর লাবিদ আহমেদ। তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় জালিয়াত চক্র শনাক্তে র্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর সদর থানার চাপাতলী এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জালিয়াত চক্রের সক্রিয় সদস্য মুর্শিদুল হককে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, ১ লাখ টাকার জাল নোটের বিনিময়ে ৩০ হাজার টাকা গ্রহণ করতেন।
র্যাব জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৬ হাজার ৮০০ টাকা, একটি মনিটর, তিনটি প্রিন্টার, একটি পাওয়ার ক্যাবল ও একটি মোবাইল ফোনসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এগুলো জব্দ করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষকে জাল টাকার বিষয়ে সচেতন থাকার এবং সন্দেহজনক তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।