প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিসিবি দখল করেছিলেন সাবেক উপদেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি দখল করেছিলেন সাবেক উপদেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতমূলক কমিটি বরদাস্ত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিসিবি কোনো পরিবহন স্ট্যান্ড নয় যেখানে ‘বাপের দোয়া’ বা ‘মায়ের দোয়া’ ভিত্তিক পকেট কমিটি চলবে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, পূর্ববর্তী সময়ে ক্ষমতার অপব্যবহার করে গঠিত একটি অবৈধ বোর্ড কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। তদন্তে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রী অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা প্রভাব খাটিয়ে সারাদেশের জেলা পর্যায়ের ক্রিকেট কমিটিগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি আদালতের নির্দেশনাকেও উপেক্ষা করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান পরিস্থিতিতে দেশের ক্রিকেটকে সঠিক পথে ফেরাতে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার নেতৃত্বে বিসিবিকে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য রয়েছে বলে জানান মন্ত্রী।

এদিকে, সংসদে আলোচনার সময় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বিসিবির বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন এবং ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ মন্তব্য করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের স্বজনপ্রীতি বা ব্যক্তিনির্ভর কমিটি গঠনে বিশ্বাসী নয়।

মন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়া অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ক্রিকেটসহ সব খেলাধুলার প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা এবং অনিয়ম বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা