প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘বাপের দোয়া’ কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি দখল করেছিলেন সাবেক উপদেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুনর্গঠন নিয়ে জাতীয় সংসদে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে নতুন করে তামিম ইকবাল এর নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠনের পর বিষয়টি এখন দেশের ক্রিকেট অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তিনি একজন খেলোয়াড়। এখানে বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করা হয়নি।”

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় দেশের বিভিন্ন ক্লাব ও ক্রিকেট বোর্ডে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্ত চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়ার পরই আগের বোর্ড ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে নতুন করে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

এদিকে একই অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বিসিবি নিয়ে কড়া সমালোচনা করে বলেন, “বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।”

তার এই মন্তব্যের জবাবেই স্বরাষ্ট্রমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করেন এবং নতুন কমিটি গঠনের প্রক্রিয়াকে সঠিক ও যৌক্তিক বলে তুলে ধরেন।

বর্তমানে নতুন এই কমিটি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে কী ভূমিকা রাখে, সেটিই এখন ভক্ত-সমর্থকদের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা