প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব দিল ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। নিজেদের অবস্থানকে শক্তিশালী দাবি করে দেশটি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১০ দফা প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল।

ইরানি রাষ্ট্রীয় ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১০ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। উভয় পক্ষ সম্মত হলে আলোচনার সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

তবে ইরান স্পষ্ট করেছে, এই আলোচনা যুদ্ধের সমাপ্তি নয়; বরং একটি প্রক্রিয়ার অংশ। চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ শেষের ঘোষণা দেবে না।

প্রস্তাবিত ১০ দফায় ইরান গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরেছে। ইরানের ১০ দফা প্রস্তাবগুলো হলো:

১. যুক্তরাষ্ট্রকে নীতিগতভাবে আক্রমণ না করার নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার করতে হবে।

২. হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

৩. ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করতে হবে।

৪. সকল প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৫. সকল পরোক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করতে হবে।

৭. আন্তর্জাতিক আণবিক সংস্থার বোর্ড অব গভর্নরস-এর সব প্রস্তাব বাতিল করতে হবে।

৮. ইরানের ওপর চাপিয়ে দেওয়া ক্ষয়ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

৯. এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধরত সকল সৈন্য প্রত্যাহার করতে হবে।

১০. ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটাতে হবে।

বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব আলোচনার ভিত্তি তৈরি করলেও, চূড়ান্ত সমাধান পেতে দুই পক্ষের মধ্যে আরও জটিল সমঝোতা প্রয়োজন হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা