বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৭টা ১০ মিনিট থেকে বন্ধ থাকা ফেরি রাত ৮টার দিকে আবারও স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে।
প্রসঙ্গত, হঠাৎ তীব্র ঝড়ো হাওয়ার কারণে নদীতে স্রোত প্রবল হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল স্থগিত রাখে। এতে দৌলতদিয়া ঘাটে অন্তত চারটি ফেরি লোডসহ আটকে পড়ে এবং যাত্রী ও যানবাহনের মধ্যে সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়।
পরিস্থিতি স্বাভাবিক হলে রাত ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে নৌরুটে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নুর আহমেদ ভুইয়া জানান, ঝড়ো বাতাসে নিরাপত্তার জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছিল।