কাউনিয়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসের অবকাঠামোগত অবস্থা উদ্বেগজনক হয়ে উঠেছে। অফিস ভবনের দুইটি কক্ষে ছাদে ফাটল দেখা দিয়েছে এবং কোথাও কোথাও প্লাস্টার খসে গিয়ে রড দৃশ্যমান হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ছাদের খসে যাওয়া অংশে রড বের হয়ে আছে, যা কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সেবা গ্রহীতাদের জন্য বিপজ্জনক অবস্থার সৃষ্টি করেছে। হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নুহু মিয়া জানান, ২০২৩-২৪ অর্থ বছরে সংস্কার কাজ হয়েছে বলে জানা গেলেও তা সম্পূর্ণ হয়নি, ফলে এখন প্রতিদিন শঙ্কার মধ্যে সেবা দিতে হচ্ছে।
সেবা গ্রহণকারীরা জানান, এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে অফিসে প্রবেশ এবং সেবা নেওয়া কষ্টকর ও বিপজ্জনক। স্থানীয়রা দ্রুত ভবন সংস্কার বা পুনর্নিমাণ করার দাবি জানিয়েছেন, অন্যথায় যেকোনো সময় বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।