শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নেবে। তিনি উল্লেখ করেছেন, বিগত সরকারের সময়ে প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ থাকলেও অনেক ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়নি।
মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সংশোধিত আইন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। নতুন আইনে ডিজিটাল পদ্ধতিতে নকল প্রতিরোধ করা হবে এবং পাবলিক পরীক্ষার সংজ্ঞা সম্প্রসারিত হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ। এই খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি জানিয়েছেন, শিক্ষা খাতে ধসের কারণগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্নীতিপূর্ণ প্রকল্পগুলো পুনঃমূল্যায়ন করা হবে।