জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সামর্থবাড়ী গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সাবেক কাউন্সিলর ও দলিল লেখক সোহেল রানা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২১ জানুয়ারি তার বাবা রইস উদ্দিন নিখোঁজ হন। পরদিন এ বিষয়ে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে টাঙ্গাইলের মধুপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তার মৃত্যুর খবর পাওয়া যায় বলে তিনি উল্লেখ করেন।
সোহেল রানার অভিযোগ, এ ঘটনাকে হত্যা হিসেবে দেখিয়ে তার চাচাতো ভাই মিজানুর রহমান এর প্ররোচনায় তার বোন মিনা বেগম বাদী হয়ে আদালতে একটি মামলা করেন, যেখানে তাকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় আরও পাঁচজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষরা তার বাড়িতে হামলা, লুটপাট, হুমকি-ধমকি এবং মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে সোহেল রানা দাবি করেন, তিনি নির্দোষ এবং পুরো বিষয়টি পরিকল্পিত ষড়যন্ত্র। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।