উত্তরের দরিদ্র জেলা কুড়িগ্রামের একমাত্র সদর হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট দেখা দিয়েছে। বর্তমানে মাত্র ২৩ জন চিকিৎসক দিয়ে বহির্বিভাগ ও ভর্তি রোগীদের চিকিৎসা চালানো হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।
প্রতিদিন এই হাসপাতালে বহির্বিভাগে ৫০০ থেকে ৭০০ রোগী চিকিৎসা নিতে আসেন। পাশাপাশি ভর্তি থাকেন ৪০০ থেকে ৫০০ রোগী, যা গ্রীষ্মকালে কখনো ১ হাজার ছাড়িয়ে যায়। ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
হাসপাতাল সূত্র জানায়, ২০১৭ সালে ১০০ শয্যার হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও নতুন জনবল নিয়োগ হয়নি। ২৫০ শয্যার জন্য যেখানে ১২২ জন চিকিৎসক প্রয়োজন, সেখানে কর্মরত আছেন মাত্র ২৩ জন। সিনিয়র কনসালট্যান্টসহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদই শূন্য রয়েছে।
নার্স ও অন্যান্য স্টাফের ক্ষেত্রেও রয়েছে ঘাটতি। প্রয়োজনের তুলনায় কম জনবল দিয়ে চিকিৎসাসেবা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অনেক গুরুত্বপূর্ণ পদ, যেমন প্রশাসনিক কর্মকর্তা ও থেরাপিস্ট—এখনও শূন্য রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পুরনো ভবনে ওয়ার্ডগুলোর অবস্থা নাজুক। বাথরুম অপরিষ্কার, রোগীদের খাবার সরবরাহে অনিয়ম এবং নার্সিং সেবায় ঘাটতির অভিযোগ রয়েছে। নতুন ভবনের অবস্থা কিছুটা ভালো হলেও সামগ্রিকভাবে সেবার মান সন্তোষজনক নয় বলে জানিয়েছেন রোগী ও স্বজনরা।
রোগীদের অভিযোগ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে সময় লাগে, এরপর ডাক্তার দেখাতেও অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। অনেক দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
এদিকে প্রায় এক বছর ধরে হাসপাতালের ইকো মেশিন বিকল থাকায় হৃদরোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। সরকারি হাসপাতালে কম খরচে পরীক্ষা সম্ভব হলেও বাইরে গিয়ে রোগীদের কয়েকগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক নিসর্গ মেরাজ চৌধুরী জানান, সীমিত জনবল দিয়েও চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে দ্রুত চিকিৎসক নিয়োগ ও আইসিইউ সুবিধা চালু করা জরুরি।
তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ আহমেদ বলেন, বারবার স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিকিৎসক নিয়োগের আবেদন করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি মনে করেন, জনবল নিয়োগই এই সংকট সমাধানের একমাত্র উপায়।