ইরানে বসবাসকারীদের ট্রেনে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী । মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ফারসি ভাষায় দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, নিরাপত্তার স্বার্থে রাত ৯টা পর্যন্ত ট্রেন ব্যবহার এড়িয়ে চলতে বলা হচ্ছে।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ট্রেনে বা রেললাইনের আশপাশে অবস্থান করলে তা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
অন্যদিকে বিবিসি জানিয়েছে, ইরানে দীর্ঘ সময় ধরে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় এই বার্তা অনেক নাগরিকের কাছে পৌঁছাচ্ছে না। ইতোমধ্যে বহু যাত্রী ট্রেনে যাত্রা শুরু করেছেন এবং অনেকে স্টেশনে অবস্থান করছেন। ফলে খবরটি ছড়িয়ে পড়লে আতঙ্ক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই সতর্কতা এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচল স্বাভাবিক না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে।
এদিকে আইডিএফ দাবি করেছে, তারা তেহরানে শাসকগোষ্ঠী-সংশ্লিষ্ট স্থাপনায় বড় ধরনের হামলার একটি ধাপ সম্পন্ন করেছে এবং হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে হত্যা করেছে। পাশাপাশি ইরান থেকে নিক্ষেপ করা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছে তারা।