প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ময়মনসিংহে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু
তাসকিন আহমেদ তানজিদ,ময়মনসিংহ জেলা জু/মা/জা
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮ জন শিশুকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, ফলে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৮০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তবে এ পর্যন্ত মারা গেছে ৭ শিশু। গত একদিনে আরও ১৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিতে শুরু করে, যা মার্চের মাঝামাঝি সময়ে ব্যাপক আকার ধারণ করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিনিধিদলের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১০২ শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রাপ্ত ৯৭টি রিপোর্টের মধ্যে ৭০ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, আক্রান্ত ও সন্দেহভাজন শিশুদের চিকিৎসার জন্য ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে বর্তমানে রোগীর সংখ্যা ৮০ হওয়ায় শয্যার তুলনায় চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা