প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিরীন শারমিনের ২ দিনের রিমান্ড শুনানি শেষে কারাগারে প্রেরণ

শিরীন শারমিনের ২ দিনের রিমান্ড শুনানি শেষে কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬

জুলাই আন্দোলনের সময় লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিমকে হত্যাচেষ্টার মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর ২ দিনের রিমান্ড শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তার রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর ১টা ৫৬ মিনিটে একটি সাদা মাইক্রোতে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে লালবাগ জোনের কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহসীন উদ্দীন ২ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে ৩টা ১০ মিনিটে হাজতখানা থেকে তাকে এজলাসে তোলা হয়। এ সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে শিরীন শারমিন নাজেহাল হন।

গ্রেপ্তারের পর ডিবি জানিয়েছে, শিরীন শারমিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ ধানমন্ডির এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। ভোরে সেখান থেকে তাকে আটক করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলনকারীরা আন্দোলন করছিলেন। সেখানে দেশী-বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ফাহিমের চোখে একটি গুলি লাগে এবং তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এর ভিত্তিতে ২৫ মে, শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করে ও অজ্ঞাতনামা ১১৫/১২০ জনকে অন্তর্ভুক্ত করে মামলা দায়ের করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাচেষ্টা মামলা সহ মোট ৬টি মামলা আছে। এর মধ্যে তিনটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, বাকি তিনটি মামলার তদন্ত চলছে।

এছাড়া গণঅভ্যুত্থানের পর অনেক আওয়ামী লীগ নেতাকর্মী সেনানিবাসে আশ্রয় নেন। গত বছরের ২২ মে আইএসপিআর আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করে, যেখানে শিরীন শারমিনের নামও ছিল।

শিরীন শারমিন শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২ সেপ্টেম্বর ২০২৪ পদত্যাগ করেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি স্পিকার হন। ২০১৩ সালের ৩০ এপ্রিল পুনরায় স্পিকার নির্বাচিত হন এবং টানা দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১৫ আগস্ট সংসদের ডেপুটি স্পিকার শামসুল হককেও পুলিশ গ্রেপ্তার করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা