ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘ভ্রান্ত’ ও ‘ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছে এবং উল্লেখ করেছে, এটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের অপমান ঢাকতে পারবে না।
ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র ভিডিও বার্তায় বলেন, “যুক্তরাষ্ট্র এখন একটি অচলাবস্থায় আটকে পড়েছে। ট্রাম্প তার ব্যর্থতা ঢাকতে এমন হুমকি দিচ্ছেন। তবে হুমকি দিয়ে পশ্চিম এশিয়ায় অপমান মুছে ফেলা যাবে না।”
তিনি আরও বলেন, ইরানের পাল্টা সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের জবাব আরও শক্তভাবে দেওয়া হবে। সাম্প্রতিক হামলায় কুয়েতে অবস্থিত আল-আদিরি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে মার্কিন সেনা ও হেলিকপ্টার সংরক্ষণ অবকাঠামো ছিল।
ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক উড়োজাহাজও ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে সি-১৩০ পরিবহন বিমান এবং ব্ল্যাক হক হেলিকপ্টার।
উল্লেখ্য, চলমান সংঘাতে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। ইরান এই হুমকিকে ‘যুদ্ধাপরাধের শামিল’ হিসেবে উল্লেখ করে পাল্টা কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে।
সূত্র: প্রেস টিভি