প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উলিপুরে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা

উলিপুরে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে নিজের ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে তুলে আলোচনায় এসেছেন এক স্কুলশিক্ষক। উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর সাদিক এই সৃজনশীল কাজের মাধ্যমে দেশপ্রেম প্রকাশ করেছেন।

চলতি বোরো মৌসুমে তার প্রায় ১৭ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করা হচ্ছে। এর মধ্যে ব্রি ধান-১১৩ ব্যবহার করে বেগুনি রঙের ধানের চারা লাগিয়ে জাতীয় স্মৃতিসৌধের আকৃতি ফুটিয়ে তুলেছেন। দূর থেকে স্পষ্টভাবে এই নকশা দেখা যায়।

আগের বছরেও জাফর সাদিক ধানক্ষেতে জাতীয় ফুল, জাতীয় পতাকা এবং বাংলাদেশের মানচিত্রের নকশা তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন। পেশায় শিক্ষক হলেও কৃষির প্রতি তার রয়েছে গভীর অনুরাগ। নিয়মিত পাঠদানের পাশাপাশি তিনি নিজে জমিতে চাষাবাদ করেন এবং সৃজনশীল কাজের মাধ্যমে দেশপ্রেমের বার্তা দিচ্ছেন।

স্থানীয়রা তার এই উদ্যোগকে অনুপ্রেরণামূলক মনে করছেন। এসএসসি পরীক্ষার্থী রাকিব হাসান, শরিফ উদ্দিন ও আমিনুল ইসলাম বলেন, “দূর থেকে এখানে দেখে সত্যিই ভালো লাগছে। ধানক্ষেতে এমন নকশা নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে সাহায্য করবে।”

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “একজন শিক্ষক হয়ে কৃষিকাজে এমন সৃজনশীলতা দেখানো সত্যিই অনুপ্রেরণা দেয়। তিনি আমাদের এলাকার গর্ব।”

জাফর সাদিক জানান, “শিক্ষকতা আমার পেশা এবং নেশা। দেশপ্রেম আমার বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই কৃষিকাজকে দেশপ্রেমের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছি। বিদ্যালয়ে বইয়ের মাধ্যমে ইতিহাস শেখাই, মাঠে মাটির মাধ্যমে ইতিহাস ফুটিয়ে তুলি।”

উলিপুর-রাজারহাট সড়কের পাশে অবস্থিত তার ধানক্ষেত প্রতিদিন শত শত মানুষের নজর কাড়ছে। পথচারীরা থেমে ছবি তুলছেন এবং স্বাধীনতার ইতিহাস স্মরণ করছেন। জাফর সাদিক বলেন, “মানুষের আগ্রহই আমার কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা