ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান জানিয়েছেন, নতুন ভর্তি ২৮ শিশুর মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।
এদিকে, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৭৬ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সময় ৭ শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ জানিয়েছেন, জনসংখ্যার তুলনায় আক্রান্তের সংখ্যা খুব বেশি নয়। আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৮০ শতাংশের বয়স ৯ মাসের নিচে।