সৌদি আরবের জুবাইলের একটি পেট্রোক্যামিকেল প্ল্যান্টে মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে হামলা চালিয়েছে ইরান। হামলার পর প্ল্যান্টটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের শব্দ স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
বার্তাসংস্থা এএফপি জানায়, জুবাইল প্ল্যান্টটি সৌদির পূর্বাঞ্চলের একটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত, যেখানে লোহা, গ্যাস, পেট্রোক্যামিকেল, লুব্রিকেন্ট ওয়েল ও রাসায়নিক সার উৎপাদন করা হয়।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরান সম্ভবত নিজেদের প্ল্যান্টে হামলার প্রতিশোধ হিসেবে সৌদিতে এই হামলা চালিয়েছে।
এ হামলার প্রভাবে সৌদি আরব ও বাহরাইনের মধ্যে সংযুক্ত ‘বাদশা ফাহাদ কসওয়ে’ ব্রিজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৫ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজ সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করার একমাত্র রাস্তা। প্রতিদিন এখানে শত শত যানবাহন চলাচল করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর সৌদি ও বাহরাইন কর্তৃপক্ষ ব্রিজ বন্ধের সিদ্ধান্ত নেন।