দেশে জ্বালানি তেলের দাম প্রতি মাসেই পর্যালোচনা করা হয় এবং আগামী মাসে দাম সমন্বয় করা হবে কি না, সে বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং বিশেষ করে Strait of Hormuz-এ জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্বাভাবিক ওঠানামা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করে দেশে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বর্তমানে দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং এপ্রিল মাসে আরও জ্বালানি তেলবাহী জাহাজ আসবে।
মন্ত্রী উল্লেখ করেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশের কৃষি, শিল্প ও সাধারণ মানুষের কথা বিবেচনা করে সরকার আপাতত দাম বাড়ায়নি।
এছাড়া জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করা হয়েছে। গত এক মাসে শতাধিক অভিযানে হাজারের বেশি মামলা দায়ের, জরিমানা এবং বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে।
সরকার জ্বালানি সরবরাহে স্বচ্ছতা বজায় রাখতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছে বলেও জানান মন্ত্রী।