দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সদস্য ইকরামুল বারী টিপু-এর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এই বৃহৎ নিয়োগ প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে বিভিন্ন বিসিএসের মাধ্যমে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৮তম বিসিএসের মাধ্যমে ২৯৮৪ জন সহকারী সার্জন, ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ৪৪তম বিসিএসের মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগ পেয়েছেন। এছাড়া ২৭তম বিসিএসের মাধ্যমেও সহকারী সার্জন নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এখনও উল্লেখযোগ্যসংখ্যক পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ ধাপে ধাপে পূরণের কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে সব পদে জনবল নিয়োগ দেওয়া হবে।