চলমান সংঘাত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন।
সূত্রটির মতে, কৌশলগত দিক থেকে তেহরানের কাছে পিছিয়ে পড়েছেন ট্রাম্প। তার সাম্প্রতিক কঠোর ও আক্রমণাত্মক বক্তব্যগুলো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারানোরই ইঙ্গিত বহন করে।
বিশেষ করে ইরানি জনগণকে লক্ষ্য করে তার উসকানিমূলক ও আপত্তিকর ভাষা ব্যবহারের বিষয়টি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে দাবি করা হয়েছে।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়, দক্ষিণ ইসফাহানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে নেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে।
তবে একই সঙ্গে ইরান জানিয়েছে, তারা এই সংঘাতের অবসান চায়। যদিও ট্রাম্প যে শর্ত ও সময়সীমা নির্ধারণ করেছেন, তার ভিত্তিতে কোনো সমাধান গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে।