ইরানের অন্যতম বৃহৎ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, পরিকল্পিতভাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অর্থনৈতিক উৎস দুর্বল করার লক্ষ্যেই এ হামলা পরিচালনা করা হয়েছে।
একই বিষয়ে পৃথক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানের দুটি বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হেনেছে। এতে দেশটির পেট্রোকেমিক্যাল রপ্তানির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।
আইডিএফ আরও উল্লেখ করে, ইরানের আসালুয়ের এলাকায় অবস্থিত একটি স্থাপনা ক্ষেপণাস্ত্র শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরিতে ব্যবহৃত হতো, যা হামলার লক্ষ্যবস্তু ছিল।
তবে এ বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে।