বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা পদুয়ার বাজার এলাকায় সড়কে অবস্থান নেন।
এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। পরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে মহাসড়কের উভয় লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন।