অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপ দিতে জাতীয় সংসদের অধিবেশন দিনে দুই বেলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, বিপুল সংখ্যক বিল পাসের লক্ষ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে। এর মধ্যে প্রথম অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় অধিবেশন বিকেল সাড়ে ৩টায় শুরু হবে।
তিনি আরও জানান, আইন প্রণয়নের এই ব্যস্ত সময়সূচির কারণে আগামী বৃহস্পতিবারের ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করা হয়েছে। প্রয়োজনে শুক্রবারও অধিবেশন চালু রাখার প্রস্তুতি রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে নির্ধারিত সময়ের মধ্যেই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।