প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংসদে সংরক্ষিত নারী আসনঃ বিএনপির ৩৬, জামায়াত জোটের ১৩

নারী শিক্ষায় সরকারের বিশেষ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বণ্টন চূড়ান্ত করেছে। এতে আনুপাতিক হার অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটগতভাবে ৩৬টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটগতভাবে ১৩টি আসন পাচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জোটবদ্ধ হয়ে পাবেন একটি আসন।

সোমবার (৬ এপ্রিল) ১১-তম কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আগামী ৮ এপ্রিল আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে।

ইসির তথ্যানুযায়ী দলগুলো জোটগত অবস্থানের ভিত্তিতে নারী আসন বরাদ্দ পেয়েছে। বিএনপির জোটে জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, নূরুল হক নূরের গণঅধিকার পরিষদ এবং আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মিলে মোট ৩৬টি আসন পাবেন। জামায়াত জোট পাবে ১৩টি আসন। জামায়াতের সঙ্গে জোটে রয়েছে, এনসিপি ও খেলাফত আন্দোলন। এছাড়া স্বতন্ত্রদের পক্ষ থেকে পাবেন একজন। ছয়জন স্বতন্ত্র প্রার্থী মিলে একটি জোট গঠন করায় তারা একটি সংরক্ষিত আসন পাচ্ছেন।

সচিব আরও উল্লেখ করেন, বিএনপি নেত্রী রুমিন ফারহানা জোটের হয়ে নির্বাচনে অংশ নেবেন না বলে ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

আইন অনুযায়ী, কোনো দল বা জোট সংসদে প্রাপ্ত সাধারণ আসনের সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফলাফল আসে, সেই সংখ্যক সংরক্ষিত নারী আসন লাভ করে।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে এবং বগুড়া-৬ আসনটি তারেক রহমান ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল এখনো প্রকাশ করেনি কমিশন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা