প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফ্যাসিবাদী পথে ধাবিত হচ্ছে বিএনপিঃ গোলাম পরওয়ার

ফ্যাসিবাদী পথে ধাবিত হচ্ছে বিএনপিঃ গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরুদ্ধে বিএনপির অবস্থান দেশের গণতান্ত্রিক কাঠামোর প্রতি হুমকি সৃষ্টি করছে।

রোববার (৫ এপ্রিল) বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছিল। ওই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতির আদেশে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা হয়। কিন্তু বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি এবং এখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিলের জন্য সংসদে প্রস্তাব করেছে।

সেক্রেটারি জেনারেল আরও বলেন, প্রায় ৫ কোটি ভোটার গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। বিএনপি গণভোট বাতিলের উদ্যোগ নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপা’র সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার।

রাশেদ প্রধান বলেন, বিএনপি ক্ষমতা গ্রহণের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে স্বৈরাচারী কৌশল চালু করেছে। এর ফলে সরকারের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক বসানো হচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল করা হচ্ছে।

উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা সভায় তুলে ধরা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা