গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়াল সড়কে রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চলন্ত অবস্থায় মালবাহী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, উত্তরাঞ্চলমুখী ট্রাকটি ধীরগতিতে চলছিল। এ সময় যাত্রীবাহী তাকওয়া পরিবহনের বাস দ্রুতগতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং দু’জন যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। দুটি গাড়ি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।