প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই এবং যেসব চুক্তি হয়েছে, সেগুলো ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কিছু মহল থেকে দাবি করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে অনুমতি নিতে হচ্ছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন। বিশেষ করে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে যে অনুমোদনের প্রসঙ্গ উঠেছে, তা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে, কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কারণে নয়।

জ্বালানি খাতে সহযোগিতা প্রসঙ্গে মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। যদিও আলোচনার কিছু বিষয় গোপনীয়তার কারণে প্রকাশ করা যাচ্ছে না, তবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় তিনি বলেন, সরকার বিভিন্ন উৎস থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানির চেষ্টা করছে। ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রসহ সব সম্ভাব্য উৎস খোলা রাখা হয়েছে।

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কিছু ক্ষেত্রে ছাড় বা বিশেষ অনুমোদনের প্রয়োজন হতে পারে। তবে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো বাণিজ্যিক চুক্তির সম্পর্ক নেই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা