জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।
রোববার (৫ এপ্রিল) তিনি এ তথ্য নিশ্চিত করে জানান, এবার স্বতন্ত্র নয়, বরং একটি রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নিতে চান। এতে করে সংগঠিতভাবে কাজ করা এবং নিজের পরিকল্পনা মানুষের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
হিরো আলম বলেন, এখনো চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেননি—তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নির্বাচন করবেন। বিষয়টি নিয়ে তিনি চিন্তাভাবনা করছেন এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা শুরু করেছেন। এসব সমস্যার সমাধানে পরিকল্পনাও করছেন তিনি।
কোন দল থেকে নির্বাচন করবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একাধিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং জনগণের আস্থা অর্জনের বিষয়টিকেই তিনি সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন।
উল্লেখ্য, এর আগে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৪ আসনে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেও শেষ পর্যন্ত নির্বাচন করেননি।