প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সাক্ষাৎকালে জ্বালানি নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। তবে জ্বালানি সংক্রান্ত কিছু আলোচনার বিষয় গোপনীয়তার কারণে এখনই প্রকাশ করা সম্ভব নয়।
খলিলুর রহমান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই এবং বিদ্যমান চুক্তিগুলো প্রকাশিত। রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়া হয়েছে—এমন প্রচারণাকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার সাশ্রয়ী মূল্যে বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে—হোক তা ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র বা রাশিয়া।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে দুটি ঐতিহাসিক ছবি ও হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন। এক ছবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, অন্যটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র রয়েছেন।