প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

যশোরের ঝিকরগাছায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে এক যুবক নিহত এবং তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (০৫ এপ্রিল) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইফতেখার আহমেদ মিশাল (২৮) ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের মৃত এমদাদুলের ছেলে। তিনি নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেনেয়ালী জফরনগর গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে ইফতেখার আহমেদ মিশালের ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৯-৯২২৯) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় গাড়িতে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। আহত নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা